কামরুল হাসান, গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরে মাদক কারবারিদের ধরতে গিয়ে গুলিভর্তি সরকারি পিস্তল হারিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। খোয়া যাওয়া অস্ত্রটির সন্ধান দিতে বা উদ্ধারে কার্যকর সহায়তা করতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে থানা কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ। এর আগে গত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে দায়িত্ব পালনকালে অস্ত্রটি হারানোর ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উনিশে টাওয়ারের উত্তর পাশে মাদকবিরোধী অভিযানে যায় বাসন থানা পুলিশের একটি দল। সেখানে ‘হোন্ডা মোবাইল-২’-এর দায়িত্বে ছিলেন এএসআই পারভেজ মল্লিক। অভিযানে মদসহ দুই ব্যক্তিকে আটক করার পর তাঁদের পুলিশের গাড়িতে তোলার সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এএসআই পারভেজ মল্লিক জানান, ধস্তাধস্তির সময়ও তাঁর কাছে সরকারি পিস্তলটি ছিল। তবে আটক ব্যক্তিদের নিয়ে থানায় পৌঁছানোর পর তিনি দেখতে পান, পিস্তলটি তাঁর কাছে নেই। ঠিক কোথায় বা কীভাবে অস্ত্রটি খোয়া গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি তিনি। হারানো পিস্তলটিতে এক রাউন্ড তাজা গুলি লোড করা ছিল বলেও জানান তিনি। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, আসামিদের হেফাজতে নেওয়ার সময় ধস্তাধস্তির একপর্যায়ে এএসআই পারভেজ মল্লিকের সরকারি অস্ত্রটি হারিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তিনি আরও জানান, হারানো সরকারি অস্ত্রটির সন্ধান দিতে অথবা উদ্ধারে কার্যকর সহায়তা করতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। অস্ত্রটি দ্রুত উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।
Super Admin