ঢাকা | বঙ্গাব্দ

নবীনগরে বজ্রপাতে মৃত্যু বলে প্রচার, সাড়ে তিন মাস পর হত্যার তথ্য; গ্রেপ্তার ৬

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 ইং
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুমন মোল্লার মৃত্যুর ঘটনায় হত্যা মামলার গ্রেপ্তার ছয় আসামি। ছবির ক্যাপশন: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুমন মোল্লার মৃত্যুর ঘটনায় হত্যা মামলার গ্রেপ্তার ছয় আসামি।

সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাতে মৃত্যু বলে প্রচারিত সুমন মোল্লা (২৮)-এর মৃত্যুর ঘটনায় সাড়ে তিন মাস পর হত্যার বিষয়টি সামনে এসেছে। সম্প্রতি পাওয়া ময়নাতদন্তের প্রতিবেদনে তাঁর মৃত্যুর পেছনে হত্যার বিষয়টি উঠে এসেছে বলে জানা গেছে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নবীনগর থানা পুলিশের অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে একই দিন দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে পাঠানো হয়েছে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইকবাল হোসেন (পিতা: হাবিল মিয়া), মোবারক (পিতা: ছালাম মিয়া), রাসেদ মিয়া (পিতা: কায়ুম), সজিত সরকার (পিতা: মলিন্দ্র সরকার), হুমায়ুন মিয়া (পিতা: হোসেন মিয়া) ও শফিকুল ইসলাম (পিতা: খুরশিদ মিয়া)। তাঁদের সবার বাড়ি নবীনগর উপজেলার সিতারামপুর গ্রামে।


নিহত সুমন মোল্লা উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের হাসান মোল্লা বাড়ির মরহুম হাজী নুর ইসলামের ছোট ছেলে।


নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই শুক্রবার দুপুরের দিকে সুমনের মৃত্যুর ঘটনা ঘটে। সে সময় তাঁর মৃত্যু বজ্রপাতে হয়েছে বলে প্রচার করা হয়। তবে শুরু থেকেই পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তাঁদের দাবি, সুমনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। এ কারণে তাঁরা ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে মেনে নিতে পারেননি।


পরিবারের পক্ষ থেকে ছয়জনকে আসামি করে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা।


সম্প্রতি পাওয়া ময়নাতদন্তের প্রতিবেদনে বজ্রপাতে মৃত্যুর বিষয়টি সমর্থিত হয়নি বলে জানা গেছে। বরং প্রতিবেদনে হত্যার বিষয়টি উঠে আসায় মামলার তদন্তে নতুন অগ্রগতি হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।


নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যা মামলার ছয় আসামিকে মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে পাঠানো হয়েছে।


এদিকে সুমনের মৃত্যুর প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।


নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স