ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে ২৪ ঘণ্টায় তোরণ-ব্যানার অপসারণের আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2026 ইং
প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে স্থাপিত তোরণ, ব্যানার ও ফেস্টুন ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের আহ্বান জানিয়েছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। ছবির ক্যাপশন: প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে স্থাপিত তোরণ, ব্যানার ও ফেস্টুন ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের আহ্বান জানিয়েছে খুলনা মহানগর ও জেলা বিএনপি।

মো. আল-মাহফুজ শাওন, খুলনা:

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে সামনে রেখে নগরীর বিভিন্ন স্থানে স্থাপন করা তোরণ, প্যানা, ব্যানার ও ফেস্টুন আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ উদ্যোগে অপসারণের আহ্বান জানিয়েছে খুলনা মহানগর ও জেলা বিএনপি।


শনিবার (৩১ অক্টোবর) খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পীর পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় ব্যক্তিগত ও সাংগঠনিক উদ্যোগে বিভিন্ন তোরণ, ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে। কোথাও কোথাও ব্যস্ত সড়কে গর্ত খুঁড়ে তোরণ নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামোতেও প্রচারসামগ্রী লাগানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড প্রধানমন্ত্রীর ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী ইতোমধ্যে একাধিকবার নির্দেশনা দিয়েছেন বলেও উল্লেখ করা হয়।


প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত বিশেষ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এসব প্রচারসামগ্রী অপসারণের মতো বিব্রতকর পরিস্থিতি এড়াতে আগেভাগেই সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।


জনস্বার্থ, জননিরাপত্তা, নগরীর সৌন্দর্য রক্ষা এবং প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব তোরণ, প্যানা, ব্যানার ও ফেস্টুন নিজ উদ্যোগে সরিয়ে নিতে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে খুলনা মহানগর ও জেলা বিএনপি।


নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স