ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। এ সময় তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, দাপ্তরিক শৃঙ্খলা ও সেবার মান যাচাই করেন। পাশাপাশি সাধারণ সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা শোনেন।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) পরিচালিত এ পরিদর্শনে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরগুলোর হাজিরা রেজিস্টার, দৈনন্দিন কার্যক্রম ও ফাইল নিষ্পত্তির অগ্রগতি পর্যবেক্ষণ করেন। সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে কথা বলে সরকারি সেবা পেতে কোনো ধরনের হয়রানি, ভোগান্তি কিংবা দীর্ঘসূত্রতার শিকার হতে হচ্ছে কি না, তা জানার চেষ্টা করেন।
এ সময় নাগরিকদের মতামতের ভিত্তিতে সরকারি সেবার মান উন্নয়ন এবং দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
এদিকে একই দিন দুপুরে ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক উদ্যোগ সফল করতে তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রকৃত সুবিধাভোগীরা যেন কোনোভাবেই তালিকা থেকে বাদ না পড়েন, সে বিষয়ে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা এবং কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় তথ্যসংগ্রহের আধুনিক পদ্ধতি, তথ্যের সঠিকতা যাচাই-বাছাই এবং মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে সৃষ্ট বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবিলার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, তথ্যসংগ্রহকারী, সুপারভাইজার ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
Super Admin