মোঃআব্দুল হান্নান,নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ৭নং ফান্দাউক ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনার শীর্ষে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, শিক্ষানুরাগী তরুন নেতা মোঃ মালেক শাহ।
এলাকার জনগণের সাথে কথা বলে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়েছেন। যে কোনো সামাজিক অনুষ্ঠান, অসহায় মানুষের সহযোগিতা, মসজিদ-মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তার ভূমিকা প্রশংসনীয়। তাই দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি একজন গ্রহণযোগ্য ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি প্রতিদিনই তাঁর নিজ মহল্লায় মুরুব্বি ও যুবকদের নিয়ে উঠান বৈঠক ও গণসংযোগ করে যাচ্ছেন। ওই উঠান বৈঠক ও গণসংযোগে এলাকার শত শত মুরুব্বি, যুবক ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অকুণ্ঠ সমর্থন দেখা যায়। বৈঠকে উপস্থিত বক্তারা মালেক শাহকে সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠক ও গণসংযোগ শেষে তিনি ফান্দাউক ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।
শুধু নির্বাচনী প্রচারণাই নয়, মানবিক ও সামাজিক কাজেও তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। সম্প্রতি এলাকার দীর্ঘ ১৭ বছর ধরে চলা একটি জমি-জায়গা সংক্রান্ত জটিল পারিবারিক বিরোধের অবসান ঘটিয়ে ভাইয়ে ভাইয়ে মীমাংসা করে দেন তিনি। তার আন্তরিক প্রচেষ্টা, ধৈর্য ও বিচক্ষণতায় দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান হয়। এ ঘটনায় পুরো এলাকায় শান্তি ফিরে আসে এবং সাধারণ মানুষের কাছে তিনি ব্যাপক প্রশংসিত ও সম্মানিত হয়েছেন।
ফান্দাউক ইউনিয়নের ভোটারদের সাথে কথা বলে জানা যায়, বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তারা মনে করছেন, শিক্ষিত, সচেতন ও পরিবর্তনকামী নেতৃত্ব হিসেবে মালেক শাহই পারবেন ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন করতে।
চেয়ারম্যান প্রার্থী মোঃ মালেক শাহ বলেন, আমি চেয়ারম্যান হতে চাই না, আমি আপনাদের সেবক হয়ে আজীবন পাশে থাকতে চাই। আপনারা আমাকে সুযোগ দিলে ফান্দাউক ইউনিয়নকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। শিক্ষা, রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, বয়স্ক ও বিধবা ভাতা শতভাগ স্বচ্ছতার সাথে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদ হবে জনগণের, কোনো ব্যক্তির নয়। যুব সমাজের কর্মসংস্থান ও নারীদের আত্মকর্মসংস্থানে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে।
এলাকার একাধিক বাসিন্দা জানান, মালেক শাহ একজন সৎ, সাহসী ও মানবিক মানুষ। বিপদে-আপদে আমরা সবসময় তাকে কাছে পাই। এমন একজন মানুষ চেয়ারম্যান হলে ইউনিয়নের সত্যিকারের উন্নয়ন হবে এবং সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে।"
আসন্ন ইউপি নির্বাচনে ৭নং ফান্দাউক ইউনিয়নে তিনি একজন শক্তিশালী ও জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইতিমধ্যেই নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন বলে মনে করছেন সাধারন জনগণ।