নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দাপ্তরিক কার্যক্রমের অংশ হিসেবে তিনি থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
পুলিশ সুপার থানায় পৌঁছালে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় কর্মরত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের প্রয়োজনীয় চাহিদা, দৈনন্দিন সমস্যা ও বিভিন্ন অসুবিধার কথা শোনেন। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন পুলিশ সুপার।
তিনি বলেন, “থানা ও সার্কেল অফিসকে সম্পূর্ণ সেবামুখী প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। সেবা প্রত্যাশীদের জন্য থানাকে নিরাপদ আশ্রয়স্থল করতে প্রতিটি সদস্যকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন করতে হবে।”
পরিদর্শনের একপর্যায়ে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ রেজিস্টার ও মামলার অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি মালখানা, হাজতখানা, থানার পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নাগরিক সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিলসহ কোতোয়ালী মডেল থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
Super Admin