ময়মনসিংহ প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক প্রস্তুতি নিয়ে ময়মনসিংহে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা।
ডিআইজি বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে রেঞ্জের আওতাধীন জেলার পুলিশ সুপারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক প্রচারণা ঠেকাতে সার্বক্ষণিক অনলাইন নজরদারি চালানো হবে। পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে ডিবি ও ডিএসবি সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।
পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করে ডিআইজি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জাতি, ধর্ম, বর্ণ ও পেশা নির্বিশেষে সবার সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজাদ জাহান, এসআরবি-১৪ ময়মনসিংহের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. মাসুদ রানা পিপিএম-সেবা, আনসার ও ভিডিপির ময়মনসিংহ অঞ্চলের পরিচালক মোল্যা আবু সাইদ পিভিএমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া ময়মনসিংহ বিভাগ ও জেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন।