অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে প্রথমবারের মতো আয়োজিত ‘জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর পর্দা নামল। টানটান উত্তেজনায় ঠাসা ফাইনালে নান্দাইল উপজেলা দলকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ধোবাউড়া উপজেলা নারী ফুটবল দল। শুক্রবার (০২ অক্টোবর ২০২৬) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের এই জমকালো ফাইনাল ম্যাচ এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম. রশিদুজ্জামান মিল্লাত। এর আগে ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
সমাপনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা এবং ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ জাকির হোসেন; ডা. মোঃ মাহাবুবুর রহমান (ময়মনসিংহ-৭); জনাব ফখর উদ্দিন আহমেদ (ময়মনসিংহ-১১); জনাব লুৎফুল্লাহেল মাজেদ (ময়মনসিংহ-৮); জনাব মোহাম্মদ সালমান ওমর (ময়মনসিংহ-১); ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোতাহার হোসেন তালুকদার।
মাঠে গড়ানো ফাইনাল ম্যাচটিতে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের রোমাঞ্চ উপহার দেয় দুই দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দলই গোল ব্যবধান গড়তে না পারায় ম্যাচটি সমতায় শেষ হয়। পরবর্তীতে ফলাফল নির্ধারণে খেলা গড়ায় স্নায়ুচাপের টাইব্রেকারে। সেখানে নিখুঁত লক্ষ্যভেদে নান্দাইল উপজেলা দলকে পরাস্ত করে শিরোপা নিজেদের করে নেয় ধোবাউড়া উপজেলা টিম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় ক্রীড়ামোদী সুধীজন উপস্থিত ছিলেন। পুরো স্টেডিয়াম জুড়ে হাজারো দর্শকের উচ্ছ্বাস নারী ফুটবলের এই নবযাত্রাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।