ঢাকা | বঙ্গাব্দ

এইচএসসির ফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
ছবির ক্যাপশন:

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফলাফলের ঘাটতি কাটিয়ে আগামীতে আরও ভালো ফল অর্জনে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কাজ করবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সকালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘ফল সন্তোষজনক হয়নি। এ ব্যাপারে শিক্ষা বোর্ডগুলোসহ আমরা আগামী দিনে ভালো করার চেষ্টা করব। এ সমস্যাগুলো কীভাবে কাটিয়ে ওঠা যায়, সে বিষয়ে মন্ত্রণালয় এবং বোর্ড থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হবে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘এ ঘাটতি পূরণের জন্য আমরা অভিভাবকদের প্রতি আহ্বান জানাব এবং শিক্ষকদের আহ্বান জানাব, আগামী দিনে যেন রেজাল্ট সুন্দর হয়।’

এ সময় উত্তরপত্র পুনর্নিরীক্ষণের বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষার্থীরা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এবারও উত্তরপত্র পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হবে, যাতে কোনো শিক্ষার্থী অবমূল্যায়নের শিকার না হন।

তিনি বলেন, ‘গত এসএসসি পরীক্ষায় আমরা রি-এক্সামিন করেছিলাম। ৩ হাজার ৭৯ জন জিপিএ-৫ পেয়েছিলেন। এবারও রি-এক্সামিন করব। কেউ যেন অবমূল্যায়িত না হয় সেদিকে লক্ষ্য রেখে আগামী দিনে কাজ করা হবে।’

চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এ বছর মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Khobor Sarakkhon

কমেন্ট বক্স