ময়মনসিংহ প্রতিনিধি:
গ্রামবাংলার চিরায়ত লোকজ সুর, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ময়মনসিংহে শুরু হয়েছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা। ব্রহ্মপুত্র নদের তীরে ঐতিহ্যবাহী শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে উৎসবমুখর পরিবেশে মেলার উদ্বোধন করা হয়। ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি।
উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। প্রথম দিনের অন্যতম আকর্ষণ ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী গুরুশিষ্যের পালাগান। এরপর মঞ্চে ওঠেন দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। তাঁর পরিবেশনায় বাউল ও লোকজ গানের সুরে মুখর হয়ে ওঠে বৈশাখী মঞ্চ। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো পার্ক এলাকায় তৈরি হয় প্রাণবন্ত সাংস্কৃতিক আবহ।
আয়োজকরা জানান, ময়মনসিংহের লোকসংস্কৃতি ও ঐতিহ্যের রয়েছে সমৃদ্ধ ইতিহাস। আধুনিকতার প্রভাবে যেন বাংলার শেকড়ের সংস্কৃতি হারিয়ে না যায়, সে লক্ষ্যেই এ মেলার আয়োজন। এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে লোকজ সংস্কৃতির পরিচয় তুলে ধরা এবং তৃণমূল পর্যায়ের লোকশিল্পীদের উৎসাহিত করার পাশাপাশি দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জনসচেতনতা তৈরি করা হবে।
দুই দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় শিল্পীদের পরিবেশনার পাশাপাশি রয়েছে লোকজ ঐতিহ্য ও হস্তশিল্পের প্রদর্শনী। এসব আয়োজনের মধ্য দিয়ে গ্রামবাংলার জীবনধারা, লোকজ শিল্প ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন ময়মনসিংহের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির বিকাশে ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও শেকড়ের প্রতি আরও আগ্রহী করে তুলবে। আগামীকাল সমাপনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী এ সাংস্কৃতিক মেলা।
Super Admin