নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর মাসকান্দা পাসপোর্ট অফিসের সামনে আলোচিত রাব্বি হত্যাকাণ্ডের এজাহারভুক্ত ৪ নম্বর আসামি মো. হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রিপন সরকার।
কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, মাসকান্দা পাসপোর্ট অফিসের সামনে রাব্বিকে প্রকাশ্যে কুপিয়ে নৃশংসভাবে হত্যার পর থেকেই জড়িতরা এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের দিকনির্দেশনায় এসআই রিপন সরকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ঢাকার বাড্ডায় সফল অভিযান চালিয়ে হাবিবকে গ্রেপ্তার করে।
অভিযানের বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, "রাব্বি হত্যাকাণ্ডের পরপরই অপরাধীদের ধরতে আমরা জোর তৎপরতা শুরু করি। গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্তের পর এসআই রিপন সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে বাড্ডা থেকে ৪ নম্বর আসামি হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।"
এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, "অপরাধী যত শক্তিশালীই হোক বা যেখানেই লুকিয়ে থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। রাব্বি হত্যাকাণ্ডে জড়িত পলাতক অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে এবং স্বল্পতম সময়ে মামলার সুষ্ঠু তদন্ত শেষ করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।"
পুলিশ জানায়, এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন এবং অন্য পলাতক আসামিদের শনাক্ত করতে গ্রেপ্তারকৃত হাবিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।