ঢাকা | বঙ্গাব্দ

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাটোরে জামায়াতের বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026 ইং
ছবির ক্যাপশন:
​নাটোর প্রতিনিধি:
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় সংঘটিত লগি-বৈঠার তাণ্ডব ও নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের ফাঁসি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাটোর জেলা শাখা।  
​বুধবার (২৮ অক্টোবর) সকালে নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।  
​নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা সেক্রেটারি অধ্যাপক মো. সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম এবং জেলা পেশাজীবী শাখার সভাপতি অধ্যাপক মো. আবু সাঈদ রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।  
​সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজনৈতিক পটপরিবর্তনের ষড়যন্ত্রের অংশ হিসেবে ঢাকায় পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় নারকীয় লগি-বৈঠার তাণ্ডব চালানো হয়েছিল। তৎকালীন সময়ে প্রকাশ্যে মানুষ পিটিয়ে হত্যার সেই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও রাজনৈতিক প্রভাব ও টালবাহানার কারণে সেই মর্মান্তিক ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা হয়নি।  
​নেতৃবৃন্দ অবিলম্বে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে নেপথ্যের কুশীলব ও খুনিদের চিহ্নিত করে দ্রুত ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের জোরালো দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে দেশে আর যাতে এ ধরনের কোনো রাজনৈতিক সহিংসতা বা নৈরাজ্যের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Khobor Sarakkhon

কমেন্ট বক্স