ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার, মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026 ইং
ময়মনসিংহ নগরীর মালগুদাম এলাকায় ১৬ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবির ক্যাপশন: ময়মনসিংহ নগরীর মালগুদাম এলাকায় ১৬ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

ময়মনসিংহ নগরীর মালগুদাম এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।


মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালি মডেল থানার অধীন ১ নম্বর পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।


পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের দিকনির্দেশনায় নগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল মালগুদাম এলাকায় অভিযান চালায়।


এ সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে মোছা. মিতু আক্তার (২৭) ও ললিতা বেগম (৩৪) নামের দুই নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৬ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।


অভিযান পরিচালনাকারী ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক কারবারে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।


পুলিশ জানায়, উদ্ধার করা মাদক জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


নগরীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স