ঢাকা | বঙ্গাব্দ

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুব শক্তির নেতা আটক, মুচলেকায় মুক্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে জাতীয় যুব শক্তির নেতা আব্দুর রাজ্জাক রাজকে আটকের পর মুচলেকায় ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ছবির ক্যাপশন: কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে জাতীয় যুব শক্তির নেতা আব্দুর রাজ্জাক রাজকে আটকের পর মুচলেকায় ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

কুড়িগ্রাম প্রতিনিধি | মোঃ হাসান মাহমুদ জয়

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুব শক্তির এক নেতাকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। আটকের প্রায় এক ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।


রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বটতলা (গোলাপ খাঁ) বাজারসংলগ্ন একটি করাতকলের পেছনে লাখ টাকার জুয়ার আসর বসেছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় নাগেশ্বরী থানা পুলিশ।


অভিযানে নেতৃত্ব দেন নাগেশ্বরী থানার সেকেন্ড অফিসার অপূর্ব কুমার। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা অন্যরা পালিয়ে গেলেও জাতীয় যুব শক্তির কুড়িগ্রাম জেলা শাখার সহসভাপতি আব্দুর রাজ্জাক রাজকে আটক করা হয়।


অভিযোগ রয়েছে, আটকের পর আব্দুর রাজ্জাক রাজকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় এক ঘণ্টা রাখার পর মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। জুয়ার আসর থেকে আটকের পর একজন রাজনৈতিক নেতাকে অল্প সময়ের মধ্যে ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।


এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধানের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।


তবে থানার সেকেন্ড অফিসার অপূর্ব কুমার জানান, আব্দুর রাজ্জাক রাজকে থানায় আনার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


কী কারণে তাঁকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং এ ক্ষেত্রে কী ধরনের আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।


নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স