ঢাকা | বঙ্গাব্দ

গৌরীপুরে ৬০০ গ্যাস সিলিন্ডার জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
গৌরীপুরে আবাসিক এলাকায় মজুদ করা ৬০০টি গ্যাস সিলিন্ডারের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবির ক্যাপশন: গৌরীপুরে আবাসিক এলাকায় মজুদ করা ৬০০টি গ্যাস সিলিন্ডারের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

ঈশ্বরগঞ্জে অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে গ্যাস বিক্রি ঠেকাতে জনসচেতনতামূলক আহ্বান

গৌরীপুর প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে আবাসিক এলাকায় অনুমোদনহীনভাবে ৬০০টি গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে গৌরীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গাঁও গৌরীপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে স্থানীয় বাসিন্দা শেখ জামাল উদ্দিনের ছেলে তানভির আহমেদের (২১) বসতবাড়িতে ফ্রেশ ও ওমেরা কোম্পানির ৬০০টি গ্যাস সিলিন্ডার মজুদ অবস্থায় পাওয়া যায়। আবাসিক এলাকায় এভাবে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ সংরক্ষণকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম. কাউসার জামান। এ সময় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৫ ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ঈশ্বরগঞ্জে জনসচেতনতায় প্রশাসনের আহ্বান

এদিকে, ঈশ্বরগঞ্জ উপজেলায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আবাসিক এলাকা কিংবা অনুমোদনহীন গুদামে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার সংরক্ষণে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঝুঁকি তৈরি হতে পারে। এতে প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

উপজেলার কোথাও বাসাবাড়ি বা অনুমোদনহীন স্থানে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার মজুদ, অতিরিক্ত দামে গ্যাস বিক্রি কিংবা অনিরাপদভাবে দাহ্য পদার্থ সংরক্ষণের ঘটনা নজরে এলে স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন অথবা সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্কতা অবলম্বন এবং সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

সতর্কবার্তা: আবাসিক এলাকায় অনিরাপদভাবে গ্যাস সিলিন্ডার মজুদের তথ্য পেলে নিজে ঝুঁকি নিয়ে সেগুলো সরানোর চেষ্টা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।


নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স