উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহের নির্বাহী পরিচালক মো. আরিফুজ্জামান এবং অতিরিক্ত ডিআইজি সাইফুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার। এ সময় ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, আব্দুস সালাম সরদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুর্গাপূজাকে সামনে রেখে আয়োজিত এ মেলায় ৫৯টি স্টলে ৩৯ জন নারী ও ২০ জন পুরুষ উদ্যোক্তা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন। মেলায় ফ্যাশন ও তৈরি পোশাক, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, কৃষিপণ্য, জুয়েলারি ও অর্গানিক পণ্যসহ বিভিন্ন দেশীয় পণ্য স্থান পেয়েছে। আয়োজকরা জানিয়েছেন, মেলায় বিদেশি, নকল, অশোভন ও মানহীন পণ্য প্রদর্শন বা বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তাদের বিক্রির সুযোগ বাড়াতে আগামী ৯ অক্টোবর পর্যন্ত মেলা চালিয়ে যেতে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।