ঢাকা | বঙ্গাব্দ

রাউজানে অস্ত্রসহ রায়হানের ৩ সহযোগী গ্রেপ্তার, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তথ্য

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং
রাউজানে যৌথ পুলিশি অভিযানে গ্রেপ্তার তিনজন এবং উদ্ধার করা দেশীয় অস্ত্র ও গোলাবারুদ। ছবির ক্যাপশন: রাউজানে যৌথ পুলিশি অভিযানে গ্রেপ্তার তিনজন এবং উদ্ধার করা দেশীয় অস্ত্র ও গোলাবারুদ।

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী হিসেবে পুলিশের উল্লেখ করা রায়হানের তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও রাউজান থানা পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে রাউজান থানাধীন কদলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীর বাগিচা মুনিরিয়া যুব তাবলিক নির্মাণাধীন মাদ্রাসার সামনে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাউজান শাওয়াল খলিফার বাড়ির বদিউল আলমের ছেলে মো. শাহাদাত হোসেন সাজ্জাদ (৩০), পূর্ব রাউজান এলাকার মো. মুসার ছেলে মো. জাফর (৩৮) এবং একই এলাকার মো. সেলিম উদ্দিনের ছেলে মো. সাফায়েত হোসেন সিফাত (১৯)।

পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএমের নির্দেশনায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় রাউজান থানা পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কদলপুর এলাকায় একদল সশস্ত্র ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে।

খবর পেয়ে রাউজান থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একটি দল সেখানে যৌথ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে বলে পুলিশ দাবি করেছে।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি, দুটি সীসা কার্তুজ, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির তথ্য

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শাহাদাত হোসেন সাজ্জাদ ও জাফর নিজেদের রায়হানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করার বিষয়ে তথ্য দিয়েছেন। তাদের বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায়, অবৈধভাবে বালু উত্তোলন এবং বালু বিক্রির টাকা সংগ্রহ করে রায়হানের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগের তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

এ ছাড়া এলাকায় রায়হানের প্রভাব বজায় রাখতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তারা সহযোগিতা করতেন বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

কিশোর গ্যাং পরিচালনার অভিযোগ

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সাফায়েত হোসেন সিফাত রায়হানের আশ্রয়-প্রশ্রয়ে একটি কিশোর গ্যাং পরিচালনা করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। ওই গ্যাংয়ের মাধ্যমে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, ত্রাস সৃষ্টি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগের তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রায়হানের কথিত অপরাধী নেটওয়ার্কের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে রাউজান থানায় সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স