ঢাকা | বঙ্গাব্দ

বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 ইং
বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনার চত্বরে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ। ছবির ক্যাপশন: বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনার চত্বরে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ।

হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি

মোঃ সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরলে রঘুপুর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, বিরল উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের শহীদ মিনার চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি, বিরল উপজেলা শাখার সভাপতি আনিসুজ্জামান মিলন।

সমাবেশটি সঞ্চালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি, দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি, দিনাজপুর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী আব্দুর রহিম, কর্মচারী ঐক্য ফেডারেশনের সভাপতি ইসাহাক আলী, বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সভাপতি আজিজার রহমান, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি জামিলুর রহমান, সাধারণ সম্পাদক মুনসেফ আলী, বোচাগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বজলুর রশীদ, সাধারণ সম্পাদক মাজেদুর রহমান পাপ্পু, বিরল উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, শিক্ষক নেতা রফিকুল ইসলাম, ওয়াহেদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ।

সমাবেশের আগে শিক্ষক নেতৃবৃন্দ বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম-এর কাছে পাঁচ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে রঘুপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বহিরাগতদের অনুপ্রবেশ ও শিক্ষকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শিক্ষকরা যাতে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

সমাবেশ শেষে শিক্ষক-কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষক-কর্মচারীরা।


নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স