ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহে সাংবাদিকদের কর্মশালা: অপতথ্য রোধে নীতিমালা ও সচেতনতার ওপর গুরুত্ব

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026 ইং
ছবির ক্যাপশন:

ময়মনসিংহ প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভুল, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য বর্তমান সাংবাদিকতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, সাংবাদিকদের পেশাগত সচেতনতা বৃদ্ধি এবং অপতথ্য প্রতিরোধে কার্যকর নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিরা।


শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ‘মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন: সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) ও ময়মনসিংহ প্রেসক্লাব যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এতে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রায় অর্ধশত সাংবাদিক অংশ নেন।


কর্মশালায় বক্তারা বলেন, ডিজিটাল যুগে সাংবাদিকতা প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অনিচ্ছাকৃতভাবে ছড়িয়ে পড়া ভুল তথ্য বা মিসইনফরমেশন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য, যা ডিসইনফরমেশন নামে পরিচিত।


তাঁরা বলেন, যেকোনো সংবাদ প্রকাশ বা প্রচারের আগে তথ্যের উৎস, নির্ভরযোগ্যতা ও সত্যতা যাচাই করা সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব। যথাযথ যাচাই ছাড়া কোনো তথ্য প্রকাশ করলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।


বক্তারা আরও বলেন, স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের সহজলভ্যতার কারণে দ্রুত সংবাদ প্রকাশের প্রবণতা বেড়েছে। অনেক ক্ষেত্রে ঘটনার সত্যতা ও প্রেক্ষাপট যাচাইয়ের আগেই অসম্পূর্ণ বা ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পড়ছে। ফলে গুজব, বিভ্রান্তি ও অপতথ্য অল্প সময়ের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সুযোগ পাচ্ছে।


এ পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিকদের নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ, একাধিক উৎসের মাধ্যমে তথ্য যাচাই এবং সংবাদ প্রকাশে পেশাগত নৈতিকতা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। একই সঙ্গে অপতথ্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ এবং তথ্যপ্রবাহে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য কার্যকর নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।


ডিজেএফবির সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আজিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবদুল কাইয়ুম, ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান এবং ডিজেএফবির সাংগঠনিক সম্পাদক এম আর মাসফি।

এ ছাড়া দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম, রিপোর্টার্স ইউনিট ময়মনসিংহের সাধারণ সম্পাদক উজ্জ্বল এবং নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদসহ ডিজেএফবির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা বক্তব্য দেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা, তথ্য যাচাইয়ের সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে অপতথ্যের বিস্তার রোধে সাংবাদিক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স