ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহে হত্যা ও মোটরসাইকেল চুরি মামলার দুই আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026 ইং
ময়মনসিংহে হত্যা ও মোটরসাইকেল চুরি মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪-এর সদস্যরা। ছবির ক্যাপশন: ময়মনসিংহে হত্যা ও মোটরসাইকেল চুরি মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪-এর সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে হত্যা ও মোটরসাইকেল চুরি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪, সিপিএসসি, ময়মনসিংহ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হত্যা মামলার পলাতক আসামি রাজন (২২) ও মোটরসাইকেল চুরি মামলার আসামি চাঁন মিয়া (২৮)।


শুক্রবার (৩০ অক্টোবর) এসআরবি-১৪-এর সদস্যরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং ময়মনসিংহ নগরীতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন।


এসআরবি-১৪-এর সিপিএসসি, ময়মনসিংহ ও এসআরবি-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল শুক্রবার রাত ৩টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন কানসাট পুরোনো সেতু এলাকায় অভিযান চালায়। এ সময় ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার কিশোর আশিক (১৪) হত্যা মামলার পলাতক আসামি রাজনকে গ্রেপ্তার করা হয়।


এসআরবি সূত্রে জানা যায়, রাজন কোতোয়ালি মডেল থানার মামলা নম্বর ৫, তারিখ ৩ নভেম্বর ২০২৫-এর আসামি। মামলাটি দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় করা হয়েছে। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান চালানো হয়।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে শাহিন মিয়া কিশোর আশিককে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে আশিক নিখোঁজ ছিল। একই সময়ে শাহিনও আত্মগোপনে চলে যান।


পরবর্তীতে ২ নভেম্বর সকালে ময়মনসিংহের ভাটি ঘাগড়া এলাকার একটি সীমানাপ্রাচীরঘেরা জমির পুকুর থেকে আশিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদনে নিহতের কপাল, চোখ ও মাথায় একাধিক ছিদ্রযুক্ত জখমের চিহ্ন পাওয়ার কথা উল্লেখ করা হয়।


এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তের ধারাবাহিকতায় রাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।


অন্যদিকে, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১১টা ১৫ মিনিটে ময়মনসিংহ নগরীর পাটগুদাম সেতু এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরি মামলার আসামি চাঁন মিয়াকে গ্রেপ্তার করে এসআরবি-১৪-এর অপর একটি আভিযানিক দল।


এসআরবি জানায়, চাঁন মিয়া কোতোয়ালি থানার মোটরসাইকেল চুরি মামলা নম্বর ৬৪, তারিখ ১৪ অক্টোবর ২০২৬-এর আসামি। মামলাটি দণ্ডবিধির ৩৭৯ ধারায় করা হয়েছে।


মামলার এজাহার অনুযায়ী, জামালপুরের মেলান্দহ উপজেলার গোবিন্দপুর নাংলা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে মো. লিপ্রন হাসান (৩০) ময়মনসিংহ নগরীর চরপাড়া নয়াপাড়া এলাকায় ভাড়া থাকেন।


গত ৩০ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে তিনি নিজের ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেলটি বাসার সামনে রেখে ভেতরে যান। প্রায় এক ঘণ্টা পর বাইরে এসে দেখেন, মোটরসাইকেলটি সেখানে নেই। অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা সেটি চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়।


এসআরবি-১৪ জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স