ময়মনসিংহ প্রতিনিধি:
শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের যথাযথ মূল্যায়ন এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।
তিনি বলেন, সরকার শুধু শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং সামগ্রিক শিক্ষাব্যবস্থার মানোন্নয়নেও নিরলসভাবে কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও প্রত্যাশিত মানের শিক্ষা নিশ্চিত হচ্ছে কি না, তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করতে হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ময়মনসিংহ নগরীর টাউন হল অডিটোরিয়ামে জেলা শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাঠ্যক্রমের গুরুত্ব তুলে ধরে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বই এমনভাবে রচনা করতে হবে, যাতে মানুষ ইতিহাস ভুলে না যায়; বরং ইতিহাসকে ধারণ করতে পারে। অতীতে পাঠ্যবই থেকে প্রকৃত ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে ১৯৪৭, ১৯৫২, ১৯৬২ ও ১৯৬৯ সালের ঐতিহাসিক প্রেক্ষাপটের পাশাপাশি ১৯৭১, ১৯৭৫, ১৯৯০ ও ২০২৪ সালের ঘটনাবলি সম্পর্কে সঠিক ইতিহাস জানতে হবে। এসব ঐতিহাসিক অধ্যায়ের সমন্বয়েই বাংলাদেশের ইতিহাস গড়ে উঠেছে। এর মধ্যে মহান মুক্তিযুদ্ধ জাতির সবচেয়ে বড় গৌরবের জায়গা।
দেশে স্কুল, কলেজ ও কিন্ডারগার্টেনের সংখ্যা বাড়লেও শিক্ষার প্রত্যাশিত মান নিশ্চিত হচ্ছে কি না, সে বিষয়ে প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন।
তিনি বলেন, শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি নয়, শিক্ষার প্রকৃত মান নিশ্চিত করাই বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ জন্য শিক্ষাব্যবস্থার বিদ্যমান কাঠামো ও কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
বেসরকারি শিক্ষকদের জাতীয়করণসহ বিভিন্ন দাবির বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, শিক্ষকদের যৌক্তিক দাবির সঙ্গে সরকার নীতিগতভাবে একমত। প্রধানমন্ত্রী শিক্ষকদের সার্বিক কল্যাণের বিষয়টি আন্তরিকভাবে বিবেচনা করছেন।
তিনি বলেন, শিক্ষকদের শুধু এমপিওভুক্তি বা জাতীয়করণের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজে সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে চায় সরকার। শিক্ষকরা শুধু জাতির মেরুদণ্ড নন, তাঁরা আগামীর বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর।
বাল্যবিয়ে প্রতিরোধ ও সামাজিক অবক্ষয় দূরীকরণেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তাঁর মতে, শিক্ষকরা সচেতনতা সৃষ্টি ও সামাজিক পরিবর্তনে নেতৃত্ব দিতে পারেন।
ময়মনসিংহ মহানগর শিক্ষক নেতা অধ্যাপক শেখ আমজাদ আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান মো. সেলিম ভূইয়া।
তিনি বলেন, শিক্ষকদের আর্থিক সংকটে রেখে কিংবা তাঁদের যথাযথ মূল্যায়ন না করে শিক্ষার গুণগত পরিবর্তন সম্ভব নয়। প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেসরকারি শিক্ষকদের জাতীয়করণের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বর্তমান সরকার তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে বলে তাঁরা আশাবাদী।
এ সময় এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলি নীতিমালা নিয়ে কালক্ষেপণ না করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভালুকা আসনের সংসদ সদস্য ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু, গফরগাঁও আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাচ্চু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এবং মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ. কে. এম. শফিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বকুল ও কেন্দ্রীয় সহকারী মহাসচিব আব্দুস সাত্তার ভূইয়ার যৌথ সঞ্চালনায় সম্মেলনে ময়মনসিংহের ১৪টি উপজেলার কয়েক হাজার শিক্ষক প্রতিনিধি অংশ নেন।
সম্মেলন চলাকালে শিক্ষকরা জাতীয়করণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের দাবি তুলে ধরেন।
Super Admin