সাদ্দাম হোসেন সাজ্জাদ, টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে চুরি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে ২৪ নম্বর লেদা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ ক্যাম্পের সদস্যরা। পরে তাঁদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফের ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের এ/০২ ব্লক থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ওই ব্লকের বাসিন্দা হামিদ হোসেনের ছেলে মো. ইলিয়াস (২৪) এবং মো. ইসমাইলের ছেলে মো. ইয়াছের (২৫)।
এপিবিএন সূত্রে জানা যায়, টেকনাফ মডেল থানায় গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দায়ের করা ৭৯ নম্বর চুরি মামলার তদন্ত কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজনদের শনাক্ত ও আটকের কার্যক্রম শুরু করা হয়।
এরই ধারাবাহিকতায় ক্যাম্পের এ/০২ ব্লকে মীর কাসিমের ঘরের সামনের সড়কে নিয়মিত টহল দেওয়ার সময় ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাঁদের ২৪ নম্বর লেদা এপিবিএন পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
এপিবিএন সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, মামলাটি দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারায় করা হয়েছে। তবে এ ঘটনায় আটক দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
খবর সারাক্ষণ | অপরাধ সংবাদ
Super Admin