জেলা প্রতিনিধি, ময়মনসিংহ:
ময়মনসিংহে সাদ্দাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাব্বিসহ বিভিন্ন মামলার মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। সম্প্রতি পাসপোর্ট অফিসের সামনে মৃত্যুর গুজবকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা সেই রাব্বি এবার হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নগরী ও আশপাশের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাদ্দাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাব্বি রয়েছেন। এ ছাড়া আদালতের পরোয়ানাভুক্ত ও অন্যান্য মামলার আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় থানার একাধিক দল বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে। অভিযানে সাদ্দাম হত্যা মামলার আসামি রাব্বিসহ নিয়মিত মামলা ও আদালতের পরোয়ানাভুক্ত মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
খবর সারাক্ষণ | ময়মনসিংহ
Super Admin