নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশালে রিজভী কনস্ট্রাকশন লিমিটেডের নির্মাণসামগ্রী সংরক্ষণস্থলে ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও লুণ্ঠিত মালামালের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ, নেত্রকোনা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে ২ অক্টোবর রাত ৩টার মধ্যে ত্রিশাল উপজেলার ২ নম্বর বৈলর ইউনিয়নের বৈলর মঠবাড়ি বড় পুকুরপাড় এলাকায় ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনসংলগ্ন রিজভী কনস্ট্রাকশন লিমিটেডের সীমানাপ্রাচীরের ভেতরে এ ডাকাতির ঘটনা ঘটে।
মামলার অভিযোগ অনুযায়ী, দেশীয় অস্ত্রধারী ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ দল দুটি ট্রাকে করে প্রতিষ্ঠানের বিভিন্ন নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের মধ্যে ছিল ৬০০ পিস এমএস পাইপ, ১৬০ পিস স্টিল শাটার, ১৬০ পিস স্টিল জয়েন্ট, ১০টি জানালার গ্রিল, ৯টি মুঠোফোন এবং নগদ ৩৫ হাজার টাকা। এজাহারে লুণ্ঠিত মালামাল ও নগদ অর্থের মোট মূল্য ৪৬ লাখ ৮০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক (অপারেশন) মো. মোখছেদুর রহমান (৪৭) বাদী হয়ে ৩ অক্টোবর ত্রিশাল থানায় মামলা করেন। মামলাটি দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় রুজু করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেন। এর ধারাবাহিকতায় বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে পর্যায়ক্রমে আটজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামালপুরের ইসলামপুর উপজেলার খবিজল (৩৫), ময়মনসিংহের নান্দাইল উপজেলার আবু হানিফ (৩৮) ও মো. উজ্জল মিয়া (২৫), ভোলার সোহেল (২৫), জামালপুরের সৈকত ওরফে সাখাওয়াত (২৪), বরিশালের বাদল ওরফে আসলাম (২৮), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাসুদ মিয়া (৩৫) এবং ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মো. ফরিদ হোসেন (৪৫)। তাঁদের মধ্যে খবিজলকে ৯ অক্টোবর, আবু হানিফ ও উজ্জল মিয়াকে ১৪ অক্টোবর এবং সোহেলকে ১৫ অক্টোবর গ্রেপ্তার করা হয়। অপর চারজনকে পরবর্তী সময়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ী থানাধীন নাওজোড় এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়। ট্রাকটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ট-২০-৭২৬০।
এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ভুলতা গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ পাশে অবস্থিত আরআইসিএল লোহার কোম্পানির ভেতরে অভিযান চালিয়ে মামলার বাদীর শনাক্ত করা ছয় পিস এমএস পাইপ উদ্ধার ও জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, অবশিষ্ট লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
Super Admin