ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহে সাড়ে ৮ শতাধিক পূজামণ্ডপে দুর্গোৎসব, নিরাপত্তায় সতর্ক পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
ময়মনসিংহের বিভিন্ন পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে জেলা পুলিশ। ছবির ক্যাপশন: ময়মনসিংহের বিভিন্ন পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে জেলা পুলিশ।

ময়মনসিংহ ব্যুরো:

আনন্দ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শারদীয় আমেজে ময়মনসিংহ জেলাজুড়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী দুর্গাপূজা। পূজাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। জেলা শহর থেকে প্রত্যন্ত অঞ্চলের পূজামণ্ডপগুলোতে পূজা-অর্চনা, আরতি ও সান্ধ্যকালীন প্রার্থনায় মুখর হয়ে উঠেছে চারপাশ।


জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর ময়মনসিংহের ১৩টি উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় সাড়ে ৮ শতাধিক মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। উৎসব উপলক্ষে মণ্ডপগুলো সাজানো হয়েছে আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন সাজে।


পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পূজামণ্ডপগুলোতে বিশেষ নজরদারির পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


পূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “ময়মনসিংহ অসাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য জেলা। অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি পূজামণ্ডপকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মণ্ডপগুলোতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।”


তিনি আরও বলেন, পূজা চলাকালে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের বিশেষ টহল দল ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রয়েছে। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিজস্ব স্বেচ্ছাসেবী সদস্য রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।


মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ময়মনসিংহে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে সবাই যাতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।


উৎসবের বিভিন্ন দিনে পূজামণ্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষের উপস্থিতিও দেখা যাচ্ছে। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এ পরিবেশ আবহমান বাংলার অসাম্প্রদায়িক ঐতিহ্যকে তুলে ধরছে।


নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স