স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।
ময়মনসিংহ নগরীতে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। কোতোয়ালি মডেল থানার আওতাধীন ১নং পুলিশ ফাঁড়ির ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে দিন-রাত মাঠে সক্রিয় রয়েছেন ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ও তাঁর দল।
পুলিশের পাশাপাশি আনসার বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরাপত্তার দায়িত্ব পালন করছে। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ও সংবেদনশীল এলাকায় নিয়মিত টহল দিচ্ছে বিজিবি।
রোববার সকাল থেকে গভীর রাত পর্যন্ত ১নং পুলিশ ফাঁড়ির আওতাধীন বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। এ সময় তিনি মণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত আনসার সদস্য, বিজিবির টহল দল ও পূজা উদ্যাপন কমিটির স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় ও মতবিনিময় করেন।
যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, ফাঁড়ির আওতাধীন ১৮টি পূজামণ্ডপের পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক সতর্ক রয়েছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত এই নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে, সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, উৎসবের আনন্দ ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ ও আনসারের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে। একই সঙ্গে টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, কোনো স্বার্থান্বেষী মহল যাতে গুজব ছড়িয়ে বা অন্য কোনো উপায়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভক্ত ও দর্শনার্থীরা যেন নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে দুর্গোৎসব উদ্যাপন করতে পারেন, তা নিশ্চিত করতে শেষ মুহূর্ত পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে।
Super Admin