ঢাকা | বঙ্গাব্দ

দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহে নিরাপত্তা জোরদারে পুলিশের মতবিনিময় সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
ছবির ক্যাপশন:

মো: কামাল  হোসেন , ব্যুরো  প্রধান: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলার পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যান চলাচল, গুজব প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করা হয়।

পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিএসবি ও ডিবির সদস্যরাও মাঠে দায়িত্ব পালন করবেন।

তিনি প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং নিরাপত্তা সহায়তা কমিটিকে সক্রিয় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো রোধে ফ্যাক্ট-চেক ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আজান ও নামাজের সময় পূজার আনুষ্ঠানিক কার্যক্রম সাময়িক বিরতি দেওয়ার আহ্বান জানান পুলিশ সুপার। এছাড়া পূজার সময় যানজট নিরসনে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনেরও আশ্বাস দেন তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ মহানগর, উপজেলা ও পৌর এলাকার পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Khobor Sarakkhon

কমেন্ট বক্স