ঢাকা | বঙ্গাব্দ

নবীগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুইজন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং
নবীগঞ্জের আউশকান্দিতে এসআরবি-৯-এর অভিযানে ৯ কেজি গাঁজাসহ আটক দুইজন। ছবির ক্যাপশন: নবীগঞ্জের আউশকান্দিতে এসআরবি-৯-এর অভিযানে ৯ কেজি গাঁজাসহ আটক দুইজন।

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, দুই ব্যক্তি হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের একটি বিরতিহীন বাসে করে মাদকদ্রব্য পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। পরে এসআরবি-৯ সদস্যরা আউশকান্দি এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন বাসটি থামিয়ে তল্লাশি চালান।

এ সময় বাস থেকে দুই ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৯ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি-৯ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন, তারা পরস্পরের যোগসাজশে হবিগঞ্জের সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

আটকরা হলেন—চুনারুঘাট উপজেলার ১ নম্বর গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে মো. শাহ আলম (২৪) এবং একই এলাকার মো. ইউসুফ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (২৩)।

আটক দুজনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার জানান, মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।


নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স