ঢাকা | বঙ্গাব্দ

সিলেটের নতুন বালুচরে উন্নয়নকাজে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং
নতুন বালুচরের আল-ইসলাহ আবাসিক এলাকায় উন্নয়নকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। ছবির ক্যাপশন: নতুন বালুচরের আল-ইসলাহ আবাসিক এলাকায় উন্নয়নকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সিলেট প্রতিনিধি: সিলেট নগরের নতুন বালুচর এলাকার আল-ইসলাহ আবাসিক এলাকায় উন্নয়নকাজে বাধা, স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি প্রদর্শন, অসদাচরণ ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক প্রবাসী ও তার স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই থেকে তিন বছর আগে প্রবাসী মো. দেলোয়ার হোসেন ও তার স্ত্রী শারমিন আক্তার ওই আবাসিক এলাকার একটি ভবনে বসবাস শুরু করেন। এরপর থেকে বিভিন্ন সময়ে এলাকাবাসী, পথচারী, সিএনজি চালক ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার, গালাগালি, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।

অভিযোগে আরও বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে এলাকায় ড্রেন ও সড়ক নির্মাণকাজ শুরু করতে প্রকৌশলী ও শ্রমিকরা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ব্যক্তি কাজে বাধা দেন। এতে নির্মাণকাজ স্থগিত হয়ে যায় বলে দাবি স্থানীয়দের। বিষয়টি সিটি করপোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলীর কাছ থেকেও যাচাই করা যেতে পারে বলে জানান তারা।

স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, এলাকার প্রতিটি বাড়ির মালিকের কাছে ৫ লাখ টাকা করে দাবি করা হয়েছে। টাকা না দিলে ড্রেন ও সড়ক নির্মাণকাজ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তারা ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে মো. দেলোয়ার হোসেন ও শারমিন আক্তারের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স