সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ:
হবিগঞ্জে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর অভিযানে ৫৫ কেজি অবৈধ গাঁজাসহ মো. রুবেল মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ৩টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় সিলেটগামী একটি পিকআপ থামানোর চেষ্টা করলে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে এসআরবি সদস্যরা তাকে আটক করেন।
আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপটিতে তল্লাশি চালিয়ে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
আটক রুবেল মিয়া হবিগঞ্জের মাধবপুর থানার কৃষ্ণনগর গ্রামের মৃত মো. আব্দুল কাদেরের ছেলে।
এসআরবি জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে।
এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দ করা মাদক ও পিকআপসহ তাকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে।
Super Admin