৪২ বিজিবির অভিযানে আসামিসহ ১৪ পিস ইয়াবা ও মালিকবিহীন ৭০ পিস ট্যাপেন্টাডল জব্দ
মো. সেলিম রেজা
বিরল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর পৃথক দুটি বিশেষ অভিযানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত থেকে একজনকে আটক করে ইয়াবা ট্যাবলেট এবং দিনাজপুরের বিরল সীমান্ত থেকে মালিকবিহীন ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীন চান্দেরহাট বিওপির একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকায় সীমান্ত মেইন পিলার ৩৩৪ থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মো. মুতাহার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই গ্রামের শফি উদ্দীনের ছেলে। এ সময় তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে আটক মুতাহার হোসেনকে উদ্ধার করা মাদকদ্রব্যসহ পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ২ মিনিটে ৪২ বিজিবির অধীন ভান্ডারা বিওপির সদস্যরা দিনাজপুরের বিরল উপজেলার সুইহারা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় সীমান্ত মেইন পিলার ৩২৭ থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া সংশ্লিষ্টদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দুটি অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ২৫ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
Super Admin