এস.আই. মিলন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সার্ভিসিং সেলে বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্টের (বিআইপিডি) পরিচালনায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটসদের (এফএ) নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন পর্যায়ের এফএরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও প্রগতি ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. শাহরিয়ার ওমর ফারুক। তিনি দুই দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন।
প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল এফএদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নির্ধারণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করা। পাশাপাশি সম্ভাব্য গ্রাহকদের কাছে জীবনবিমার গুরুত্ব তুলে ধরা, গ্রাহকের আস্থা অর্জন এবং বিক্রয় কৌশল উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণচূড়া প্রকল্পের প্রধান (পিডি) কার্তিক পান্ডে। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রকল্পটির জেনারেল ম্যানেজার সত্যেন কুমার মহন্ত।
প্রশিক্ষণ চলাকালে কার্তিক পান্ডে অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বিশ্বাস করে, প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে দায়িত্ববোধ, কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টা। কর্মক্ষেত্রে অর্জন ও সাফল্যের যথাযথ মূল্যায়ন এবং যোগ্য কর্মীদের উৎসাহিত করাই প্রতিষ্ঠানের এগিয়ে চলার অন্যতম শক্তি।
তিনি আরও বলেন, নভেম্বর মাসকে নতুন অর্জনের প্রতিশ্রুতির মাস হিসেবে নিতে হবে। নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি কক্সবাজার ভ্রমণের লক্ষ্য সামনে রেখে সবাইকে নিষ্ঠা, উদ্যম ও দলগত সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
প্রশিক্ষণে দক্ষতা, নেতৃত্ব ও ব্যবসায়িক উৎকর্ষ বাড়ানোর পাশাপাশি কর্মীদের অভিজ্ঞতা বিনিময় এবং নতুন সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মীদের পেশাগত দক্ষতা বাড়াবে এবং প্রতিষ্ঠানের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে।
Super Admin