স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:
জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে ময়মনসিংহে জেলা প্রশাসকের নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানি গ্রহণ করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।
গণশুনানিতে জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষ তাঁদের ব্যক্তিগত ও সামাজিক সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যার মধ্যে ছিল ভূমি-সংক্রান্ত বিরোধ ও জটিলতা, আর্থিক অসচ্ছলতা, কর্মসংস্থান, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক বঞ্চনার বিষয়।
জেলা প্রশাসক আবেদনকারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। এ সময় সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কয়েকটি আবেদনের তাৎক্ষণিক নিষ্পত্তি করেন। অন্যান্য সমস্যার দ্রুত ও সুনির্দিষ্ট সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং সেবাপ্রত্যাশীদের পরামর্শ প্রদান করেন।
গণশুনানির পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও নেওয়া হয় বিশেষ উদ্যোগ। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি—আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে গণশুনানিতে অংশ নেওয়া সেবাপ্রত্যাশীদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, প্রশাসনকে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার পাশাপাশি নাগরিক ভোগান্তি কমানোই এ ধরনের গণশুনানির মূল লক্ষ্য। জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সাধারণ মানুষের সমস্যা সমাধানে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।
Super Admin