ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহে-রেলের-জমি-দখল-করে-১৮-তলা-ভবন:-দুদকের-অভিযানের

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 ইং
ময়মনসিংহে রেলের জমি দখল করে ১৮ তলা ভবন: দুদকের অভিযানের পর নির্মাণকাজ বন্ধের নির্দেশ, নকশা বাতিলের প্রক্রিয়া শুরু ছবির ক্যাপশন: ময়মনসিংহে রেলের জমি দখল করে ১৮ তলা ভবন: দুদকের অভিযানের পর নির্মাণকাজ বন্ধের নির্দেশ, নকশা বাতিলের প্রক্রিয়া শুরু
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ নগরীতে রেলওয়ের ভূমি দখল করে ১৮ তলাবিশিষ্ট একটি বহুতল ভবন নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে কাজ বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে ভবনটির অনুমোদিত নকশা বাতিলের জন্যও সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হচ্ছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, নগরীর মিন্টু কলেজ সংলগ্ন এলাকায় ‘এলিট টাওয়ার’ নামের একটি ১৮ তলা ভবনের নির্মাণকাজ চলছিল বেশ কিছুদিন ধরে। একটি প্রভাবশালী সিন্ডিকেট রেলওয়ের মূল্যবান জমি দখল করে এই বহুতল ভবন গড়ে তুলছে—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে সেখানে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযান চলাকালে পরিমাপ করে দেখা যায়, নির্মাণাধীন এলিট টাওয়ারের সীমানার ভেতরে রেলওয়ের প্রায় ১৩ ফুট জমি অন্তর্ভুক্ত রয়েছে। অবৈধ দখলের সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর পরই রেলওয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ভবনের সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। একই সাথে এই নির্দেশ অমান্য করা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. এরশাদ উদ্দিন বলেন, "বুধবার বিকালে পরিমাপ করে ভবনের সীমানার মধ্যে রেলওয়ের প্রায় ১৩ ফুট জায়গা পাওয়া গেছে। এর প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবনটির অনুমোদিত নকশা বাতিলের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় চিঠি পাঠানো হচ্ছে।"

এদিকে অভিযোগ প্রসঙ্গে ভবনটির ডেভেলপার ও নগরীর মুসলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন দাবি করেন, "সব নিয়ম মেনেই ১৮ তলা ভবন নির্মাণের অনুমোদন নেওয়া হয়েছিল। প্রকল্পটিতে ১০৫ জন শেয়ারহোল্ডার রয়েছেন। রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আপাতত নির্মাণকাজ স্থগিত রাখা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করব।"

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২০ সালে গণপূর্ত বিভাগ থেকে ১৮ তলা ভবন নির্মাণের নকশা অনুমোদন নেওয়া হয়েছিল। তবে দীর্ঘ বিরতির পর সম্প্রতি জোরেশোরে ভবনটির নির্মাণকাজ শুরু হয়। এর মধ্যেই জমি দখলের অভিযোগে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন ও দুদক।

নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স