
নিজস্ব প্রতিবেদক:
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তেমনই দুই মানবিক ব্যক্তিত্ব এটিএন বাংলার সাংবাদিক আলী আজগর ইমন ও বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা মানবিক শওকতের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
সম্প্রতি নিঃস্ব, অসহায় ও বেওয়ারিশ মানুষের চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে পরিচালিত বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে যান সাংবাদিক আলী আজগর ইমন। সেখানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মানবিক শওকতের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। দুই মানবিক মানুষের এ সাক্ষাৎ ঘিরে তৈরি হয় আন্তরিকতা ও সৌহার্দ্যের পরিবেশ।
সাক্ষাৎ প্রসঙ্গে মানবিক শওকত বলেন, “হাজারো সাংবাদিকের ভিড়ে ইমন ভাই এমন একজন মানুষ, যিনি সবসময় প্রকৃত অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এটিএন বাংলার এই সাংবাদিক শুধু পেশাগত দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ নন, মানবিক কর্মকাণ্ডেও তাঁর আন্তরিকতা রয়েছে। আজ তিনি আমার এই প্রতিষ্ঠানে এসেছিলেন। মহান আল্লাহ যেন আমাদের দুজনকে মানবতার বন্ধনে এক সুতোয় গেঁথে দিয়েছেন।”
তিনি আরও বলেন, “জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিঃস্ব, অসহায় ও বেওয়ারিশ মানুষের সেবা করে যেতে চাই। এটিই আমার জীবনের ব্রত। ইনশাআল্লাহ।”
এদিকে, দুই ব্যক্তির মানবিক উদ্যোগ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানিয়েছেন ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন এবং জনস্পন্দন মানবিক কল্যাণ ও ব্লাড ফাউন্ডেশন পরিবারের সদস্যরা।
সচেতন মহলের মতে, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আলী আজগর ইমন ও মানবিক শওকতের মতো মানুষের মানবিক উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করতে পারে।