
সাদ্দাম হোসেন সাজ্জাদ:
চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেলে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪০ টন সিমেন্টসহ আটজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা।
এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা। এ ঘটনায় পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটসহ আটজনকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।