প্রিন্ট এর তারিখঃ Nov 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2026 ইং
ভালুকায় ফেসবুক ভিডিও ঘিরে তুলকালাম: বিশৃঙ্খলা এড়াতে গ্রেফতার পার্লার মালিক জামিনে মুক্ত

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আটক হনুফা আক্তার সাথী (৩০) নামের এক বিউটি পার্লার মালিককে জামিন দিয়েছেন আদালত।
জানা যায়, গত ২৫ অক্টোবর ভালুকার মাস্টারবাড়ী এলাকার ‘সাথী বিউটি পার্লার’-এর স্বত্বাধিকারী হনুফা আক্তার সাথী তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ভিডিও আপলোড করেন। মুহূর্তেই ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য ও গুজব ছড়িয়ে পড়ে। এর জেরে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয় এবং একপর্যায়ে প্রায় দেড় থেকে দুইশ মানুষ তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা চালায়। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয়দের ক্ষোভ ও উদ্ভূত সংঘাতময় পরিস্থিতি বিবেচনায় নিয়ে কোনো বড় ধরনের ধর্তব্য অপরাধ প্রতিরোধ এবং সংশ্লিষ্ট ব্যক্তির নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাঁকে প্রতিরোধমূলক আটক করা হয়।
পরদিন ২৬ অক্টোবর তাঁকে আদালতে সোপর্দ করা হলে আজ বুধবার (২৮ অক্টোবর) বিজ্ঞ আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারবিরোধী কোনো বক্তব্য বা মতপ্রকাশের জন্য নয়; বরং মাঠপর্যায়ে আইনশৃঙ্খলার চরম অবনতি ও অনাকাঙ্ক্ষিত সহিংসতা ঠেকানোর লক্ষ্যেই আইনানুগ এই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। একই সাথে যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে কান না দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক খবর সারাক্ষণ