
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা এবং পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
গতকাল সোমবার (১৯ অক্টোবর) নগরীর গুরুত্বপূর্ণ মন্দির ও পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন তারা। পরিদর্শনকালে ডিআইজি ও পুলিশ সুপার মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও ভক্তদের নির্বিঘ্ন যাতায়াত এবং নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বরত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্কাবস্থায় দায়িত্ব পালনের নির্দেশ দেন রেঞ্জ ডিআইজি। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে ও কঠোর হস্তে মোকাবিলার জন্য প্রস্তুত থাকারও তাগিদ দেন তিনি।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের আশ্বস্ত করে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, "উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিতে পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে উৎসব নির্বিঘ্ন করতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল করিম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল, কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মুহাম্মদ মাহবুবুল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।