
মোঃ রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি।
মানিকগঞ্জের দৌলতপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এ সময় তিনি উৎসবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ও অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মহরম আলী দৌলতপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন করা মণ্ডপগুলোর মধ্যে ছিল সর্বজনীন বেদান্ত মাঠ, দৌলতপুর সর্বজনীন কালীমন্দির ও দুর্গামন্দিরসহ উপজেলার অন্যান্য পূজামণ্ডপ। এ ছাড়া তাঁরা দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
দৌলতপুরের পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার, দৌলতপুর সদর–চক মিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন এবং পুলিশ প্রশাসন ও আনসার বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, সব ধর্ম ও মতের মানুষের ধর্মীয় উৎসব পালনের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। শারদীয় দুর্গোৎসব উদ্যাপনে কোনো ধরনের সমস্যা বা ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের সরাসরি তাঁকে জানানোর আহ্বান জানান তিনি।
প্রতিমা বিসর্জনের দিন নারীরা যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন এবং নিরাপদে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে পারেন, সে বিষয়েও গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার আগেই বিসর্জন ও রং খেলার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরামর্শ দেন তিনি, যাতে সবাই নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্যাপন করতে পারেন।
এ সময় মা দুর্গার আরাধনার পাশাপাশি পরিবারের মেয়েদেরও যথাযথ মর্যাদা, সম্মান ও ভালোবাসা দেওয়ার পরামর্শ দেন জেলা প্রশাসক। নারীর প্রতি সম্মান প্রদর্শন এবং পারিবারিক ও সামাজিক জীবনে তাঁদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তাঁরা নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদ্যাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান।