
মোঃ সেলিম রেজা, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) চিরিরবন্দর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, সারা দেশে নির্বিঘ্নে পূজা-অর্চনা পালনের জন্য সরকার নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে। ধর্ম যার যার, দেশ সবার। এ দেশের সবাই নাগরিক। দেশকে ভালোবেসে প্রত্যেককে নিজ নিজ ধর্ম পালন করতে হবে।
তিনি আরও বলেন, সরকার প্রতিটি পূজামণ্ডপে সহায়তা প্রদান করছে। সহায়তার পরিমাণ সীমিত হলেও সরকার বিদ্যমান সম্পদের সুষ্ঠু ব্যবহার করে জনগণের পাশে দাঁড়াচ্ছে। এ ক্ষেত্রে সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই। প্রতিটি পূজামণ্ডপে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিউল ইসলাম।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।