
দিনাজপুরের বিরল উপজেলার ৫ নম্বর বিরল ইউনিয়নের পূর্ব মহেশপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম আর নেই। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় পূর্ব মহেশপুর এলাকায় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম এবং বিরল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন শেষে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পূর্ব মহেশপুর এলাকার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সহযোদ্ধা, আত্মীয়-স্বজনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলামের মৃত্যুতে মুক্তিযোদ্ধা পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।