
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা-বাগান এলাকায় ইজিবাইক (টমটম) ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চান্দপুর চা-বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম মোজাহিদ। তিনি চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গাজীপুর গ্রামের বাসিন্দা। অপর নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন মোটরসাইকেলে করে চণ্ডী রামগঙ্গা চা-বাগান এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে চান্দপুর চা-বাগান এলাকায় একটি টমটমের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আরও দুইজন আহত হন।
দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে চুনারুঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের মরদেহ চুনারুঘাট থানায় রয়েছে।