
ময়মনসিংহ ব্যুরো:
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তা বরদাশত করা হবে না। কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে স্থানীয়ভাবে তা প্রতিহত করার পাশাপাশি প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডে বিএনপির কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা এবং বিরোধী দলের ‘দুরভিসন্ধিমূলক রাজনীতির’ প্রতিবাদে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
প্রিন্স বলেন, ‘চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও তারা পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতা করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে।’ তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের গতিবিধির ওপর নজর রাখতে হবে এবং নৈরাজ্য সৃষ্টি হলে প্রশাসনকে জানাতে হবে।
তিনি আরও বলেন, দেশ পুনর্গঠন, জনসমস্যা সমাধান ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের সময়ে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে বলে তিনি মনে করেন। দেশের মানুষ সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা চায় না উল্লেখ করে প্রিন্স বলেন, বিএনপি সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না। তবে জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিতকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত ও এনসিপি জোটের সমালোচনা করে প্রিন্স অভিযোগ করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের বিষয়ে ওই জোটের নেতাদের তেমন বক্তব্য বা কর্মসূচি নেই। তিনি বলেন, তাদের অধিকাংশ বক্তব্য ও কর্মসূচি সরকারের বিরুদ্ধে। এ বিষয়ে জনগণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও মন্তব্য করেন তিনি।
জ্বালানি তেলের মূল্য সমন্বয় প্রসঙ্গে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দীর্ঘ সময় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের উচ্চমূল্য, বৈদেশিক মুদ্রায় জ্বালানি আমদানি ব্যয় এবং প্রতিবেশী ভারতে তুলনামূলক বেশি দামের কারণে পাচার ঠেকাতে সরকার মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে। তাঁর দাবি, এর ফলে সরকারকে এখনও প্রতি লিটারে ৭০ টাকা ভর্তুকি দিতে হচ্ছে।
সমাবেশে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু এমপির সভাপতিত্বে এবং সদস্য সচিব ও সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আন্দ ওয়াহিদ এমপি, ভালুকা আসনের এমপি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম ও যুগ্ম আহ্বায়ক শহিদুল আমিন খসরু।
এ ছাড়া দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবীর মামুন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু, জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ, সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।