
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) হারিয়ে যাওয়া সরকারি গুলিভর্তি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। পাঁচ দিন ধরে অভিযান চালানোর পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাতে বাসন থানার বারবৈকা এলাকা থেকে অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর সরকারি দায়িত্ব পালনের সময় বাসন থানার এএসআই (নিরস্ত্র) পারভেজ মল্লিকের একটি গুলিভর্তি পিস্তল হারিয়ে যায়। এরপর অস্ত্রটি উদ্ধারে অভিযান শুরু করে বাসন থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ৫ নভেম্বর রাত থেকে ভোররাত পর্যন্ত বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. হারুন অর রশিদের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই মো. জহুরুল ইসলাম, এসআই মো. নাহিদ আল রেজা, এএসআই মো. সানিউল আলমসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, ভোর আনুমানিক ২টা ৪৫ মিনিটে বাসন থানাধীন বারবৈকা মুচিপাড়া এলাকায় টিঅ্যান্ডটি রোডের বিপরীতে প্রফেসর মো. সিরাজুল ইসলামের চারতলা ভবনের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত খালি জায়গায় তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে পড়ে থাকা অবস্থায় হারিয়ে যাওয়া গুলিভর্তি পিস্তলটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।