
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:
ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর শেষ ষোলোর সমাপনী পর্ব। বুধবার (৪ নভেম্বর) বিদ্যাময়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ত্রিশাল উপজেলা দল ও ময়মনসিংহ সদরের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল।
দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ত্রিশাল উপজেলা ও ফুলবাড়িয়া উপজেলা দল। দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ফুলপুর উপজেলা দল ও ময়মনসিংহ সদরের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল। দুই ম্যাচেই বিতার্কিকরা তথ্যসমৃদ্ধ বিশ্লেষণ, যুক্তি উপস্থাপন ও পাল্টা যুক্তির মাধ্যমে নিজেদের দক্ষতা তুলে ধরে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে বিচারকদের মূল্যায়নে প্রথম ম্যাচে ত্রিশাল উপজেলা দল এবং দ্বিতীয় ম্যাচে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল বিজয়ী হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মের মুক্তচিন্তা, মেধার বিকাশ ও যুক্তিবাদী সমাজ গঠনে বিতর্কচর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক হবে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উৎসাহিত করতে জেলা প্রশাসন, ময়মনসিংহের পক্ষ থেকে প্রত্যেকের হাতে উপহার তুলে দেওয়া হয়।
আয়োজক কমিটি জানিয়েছে, আগামী ৫ নভেম্বর দুটি ভেন্যুতে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় ময়মনসিংহ জিলা স্কুলে এবং বেলা ৩টায় বিদ্যাময়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ পর্বের খেলা উপভোগ করতে বিতর্কপ্রেমী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কমিটি।