
শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনের ষষ্ঠ দিনে গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চন্দ্রা ত্রিমোড়, ফায়ার সার্ভিস, খাড়াজোড়া, পল্লীবিদ্যুৎ ও সফিপুর এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
পুলিশ সুপার বলেন, গত কয়েক দিন ধরে শ্রমিকদের আন্দোলন চললেও ধীরে ধীরে শ্রমিকরা বুঝতে পারছেন, তাঁদের দাবি-দাওয়া পূরণে সরকার ও রাষ্ট্র কাজ করছে। এ কারণে আন্দোলনে অংশ নেওয়ার আগ্রহ কমছে বলে তিনি মনে করেন। বর্তমানে সড়ক-মহাসড়কে যানবাহন চলাচলসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, গাজীপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। জেলা পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, শিল্পাঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, এসআরবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁদের কার্যক্রম তদারকিতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।